বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কের সংস্কারকাজ শুরু, জনমনে স্বস্তি

রাঙ্গামাটিতে বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কের সংস্কারকাজ শুরু, জনমনে স্বস্তি

রাঙামাটিতে পাহাড় ধস ও সড়ক ভাঙনের ঝুঁকি এড়াতে আগাম সংস্কার কাজ শুরু করেছে রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মুখভাগে ধসে যাওয়া প্রধান সড়কটির মেরামত কাজ শুরু করেছে। ‎সওজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

বিগত বছরগুলোতে বর্ষা এলেই রাঙামাটির বিভিন্ন সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হতো। তবে এবার বর্ষার শুরুতেই যেকোন দুর্ঘটনা এড়াতে সওজ বিভাগ ঝুঁকিপূর্ণ সড়কে পাইলিং শুরু করেছে। সওজের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অটোরিকশাচালক মো. দুলাল বলেন, গত বর্ষায় উন্নয়ন বোর্ডের সামনের রাস্তার একটি বড় অংশ ধসে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। এছাড়া আরও কয়েকটি স্থানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেসব জায়গা দিয়ে গাড়ি চলাতে প্রতিবার আতঙ্কে থাকতে হতো। এবার বর্ষার শুরুতেই সড়ক ও জনপথ বিভাগ দ্রুত মেরামত কাজ শুরু করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। কাজ শেষ হলে আমরা সিএনজি নিয়ে নিরাপদে চলাচল করতে পারব।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙামাটির ভৌগোলিক অবস্থান ও পাহাড় ধসের বিষয়টি বিবেচনায় রেখে এবার বর্ষার শুরুতেই সংস্কারের কাজ শুরু করা হয়েছে। উন্নয়ন বোর্ডের সামনের ধসে পড়া সড়কটি দ্রুত সংস্কার করতে আমরা কাজ করছি, যাতে বর্ষায় নতুন কোনো ধস বা দুর্ঘটনা না ঘটে। শহরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমাদের নজরদারিতে রয়েছে। জনগণের যাতায়াত নিরাপদ রাখতে সওজ বিভাগ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

‎সরেজমিনে দেখা গেছে, পাইপ পাইলিংয়ের মাধ্যমে বালি সিমেন্টের মিশ্রণে বস্তা দিয়ে প্রতিরক্ষা ব্লক তৈরি করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, সওজের এই উদ্যোগে বর্ষায় রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি নিরাপদ থাকবে।

‎মোস্তফা কামাল/আরকে

বিজ্ঞাপন