বিজ্ঞাপন

৬ লেনে উন্নীতকরণের দাবি

‘যানবাহন বাড়লেও সক্ষমতা বাড়েনি ভাঙা-কুয়াকাটা মহাসড়কের’

‘যানবাহন বাড়লেও সক্ষমতা বাড়েনি ভাঙা-কুয়াকাটা মহাসড়কের’

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, পরিবহন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাস টার্মিনাল-সংলগ্ন চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মানববন্ধনে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম হলো ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। কিন্তু যানবাহনের সংখ্যা দিন দিন বাড়লেও সড়কটির সক্ষমতা বাড়ানো হয়নি। ফলে প্রায়ই যানজট, দীর্ঘ ভোগান্তি ও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।

তারা আরও বলেন, কুয়াকাটায় পর্যটকের সংখ্যা প্রতিবছর বাড়ছে। একইসঙ্গে কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের বিকাশের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, যাতায়াত হবে নিরাপদ, দ্রুত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

জেলা ছাত্রদল নেতা মো. আল আমিন হাওলাদার বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা। এটি বাস্তবায়ন হলে শুধু পটুয়াখালী নয়, বরিশাল বিভাগের সামগ্রিক অর্থনীতি ও পর্যটনখাত আরও সমৃদ্ধ হবে।

পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ভাঙা-কুয়াকাটা মহাসড়ক শুধু একটি সড়ক নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনীতির লাইফলাইন। এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। তাই দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন শেষে বক্তারা ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ এবং সরকারপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন।

সোহাইব মাকসুদ নুরনবী/এএমকে