ঠাকুরগাঁওয়ে র্যাবের অভিযানে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। মুর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তারকৃতরা হলেন, হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ (২৬) ও নন্দগাঁও এলাকার নাজমুল (৬৪)।
এর আগে সোমবার বিকেলে হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভৈষা গ্রামে হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘর থেকে ১১৫ কেজি ওজনের বিষ্ণুমুর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে, পরস্পর যোগসাজশ করে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল।
র্যাব আরও জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে হাসান ও নাজমুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাসহ তাদের হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এএমকে
