ব্রাজিলের খেলা দেখে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলাম নামে এক প্রকৌশলীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের কোদালিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতে সড়কে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের একমাত্র ছেলে। তিনি পাকুন্দিয়া সদরে অবস্থিত টোয়েন্টি টেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
আরিফুল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় বড় পর্দায় ব্রাজিল-জাপানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন। খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ২টার দিকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে।
তিনি বলেন, প্রথমে তারা আমাকে বলে, আমি পেছনে একটি দুর্ঘটনা ঘটিয়ে এসেছি। আমি বলি, চলেন গিয়ে দেখি। মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করতেই একজন চাপাতি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে আমি মোটরসাইকেল ফেলে দৌড় দিলে একজন চাপাতি হাতে আমাকে অনেক দূর পর্যন্ত ধাওয়া করে। পরে তারা আমার পালসার সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে পরিচিত একজনকে ফোন করে ঘটনাস্থলে এনে তাকে সঙ্গে নিয়ে সুখিয়া বাজার এলাকায় খোঁজাখুঁজি করলেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ধারণা, ডাকাতরা মহাসড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক দিয়ে পালিয়ে গেছে। ঘটনার পরপরই তিনি পাকুন্দিয়া থানার ওসিকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, রাতেই ভুক্তভোগীর ফোন পাওয়ার পর সংশ্লিষ্ট টহল টিমকে ওয়্যারলেসের মাধ্যমে তাৎক্ষণিক বার্তা দেওয়া হয়। পরে একটি মোটরসাইকেল আটক করে তাকে দেখানো হলেও সেটি তার মোটরসাইকেল ছিল না। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএইচএ
