বিজ্ঞাপন

ময়মনসিংহে আদর্শনগর উপজেলা গঠনের সিদ্ধান্তে আনন্দ মিছিল

ময়মনসিংহে আদর্শনগর উপজেলা গঠনের সিদ্ধান্তে আনন্দ মিছিল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাকে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় পাগলা থানার কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক।

এসময় পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুলাহ আল মামুন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘পাগলা’ নামটি অনেক সময় নেতিবাচক অর্থ বহন করে। দেশের বিভিন্ন স্থানে নিজেদের পরিচয় দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই নতুন উপজেলার নাম ‘আদর্শনগর’ হলে এলাকার মানুষের পরিচয় আরও মর্যাদাপূর্ণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ইতিবাচক পরিচয় বহন করতে পারবে।

স্থানীয় বাসিন্দা আকরাম সরকার বলেন, আদর্শনগর একটি সুন্দর ও সম্মানজনক নাম। এই নামে উপজেলা হলে আমাদের পরিচয় আরও গৌরবের হবে। ভবিষ্যৎ প্রজন্মও গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারবে। ‘পাগলা’ নামটি শুনে অনেকেই ভিন্নভাবে ভাবেন বা প্রশ্ন করেন। তাই আমরা চাই উপজেলার নাম আদর্শনগর হোক।

মোছা. হনুফা বেগম বলেন, আমরা পাগলা নামে উপজেলা চাই না, আদর্শনগর নামে উপজেলা চাই। ‘পাগলা’ নাম শুনে অনেকেই নেতিবাচক ধারণা করেন। তাই নাম পরিবর্তন করা দরকার। সরকারের এই উদ্যোগে আমরা আনন্দিত।

স্থানীয় মো. রনি মিয়া বলেন, শিল্প-সমৃদ্ধ ময়মনসিংহে ‘আদর্শনগর’ নামে উপজেলা প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। ‘পাগলা’ নামটি দাপ্তরিক ও সামাজিকভাবে অনেক ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়। ‘আদর্শনগর’ একটি সুন্দর ও গ্রহণযোগ্য নাম, যা এ অঞ্চলের মানুষের পরিচয়কে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরবে।

সমাবেশে বক্তারা দ্রুত ‘আদর্শনগর’ নামে উপজেলা বাস্তবায়নের দাবি জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাখাওয়াত সুমন/এসএইচএ 

বিজ্ঞাপন