বিজ্ঞাপন

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল এবং মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের নাদিম (২৫), একই উপজেলার নাকুড়গাছী গ্রামের সোহেল রানা (২২) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার রবিউল ইসলাম (২৪)।

পুলিশ জানিয়েছে, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি লতি বাজারের দক্ষিণ পাশে অভিযান চালায়। সেখানে চোরাই মোটরসাইকেল কেনাবেচার প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবিউল ইসলাম ও নাদিমকে একটি কালো রঙের ডিসকোভার মোটরসাইকেলসহ আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুড়গাছী গ্রামে সোহেল রানার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চম্পক কুমার/এসএইচএ 

বিজ্ঞাপন