বিজ্ঞাপন

কুড়িগ্রামে শিয়ালের কামড়ে ২ নারী আহত

কুড়িগ্রামে শিয়ালের কামড়ে ২ নারী আহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে দুই নারী আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটারী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির পাশের সড়কে হাঁটতে গেলে হঠাৎ একটি শিয়াল বৃদ্ধা রোকেয়া খাতুনকে (৭০) তার মুখ ও দুই হাত কামড়ে রক্তান্ত জখম করে। তিনি ওই এলাকার মৃত আব্দুল গনির মেয়ে।

একই ইউনিয়নের বাড়ির হাঁসকে খাবার দিতে গিয়ে চন্দনা রানী (৩৯) নামে এক নারীর ওপর আক্রমণ চালায়। এতে শিয়ালের কামড়ে তার মুখ, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলেন।

পরে স্থানীয় বাসিন্দারা আহত দুই নারীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রোকেয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আহত চন্দনা রানীর স্বামী সন্তোষ চন্দ্র রায় বলেন, আমার স্ত্রী হাঁসের খাবার দেওয়ার সময় হঠাৎ একটি শিয়াল তার ওপর আক্রমণ চালিয়ে কামড়ে দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দিয়েছেন। দুপুরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, বর্তমানে সে বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিয়ালের আক্রমণে আহত দুই নারীর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অপর এক বৃদ্ধা গুরুতর আঘাত পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

মমিনুল ইসলাম বাবু/এএমকে