জামালপুরের সরিষাবাড়ীতে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সম্পদ মিয়া মাদরাসা থেকে ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। পরে সে স্থানীয় সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট-সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশে ঝাঁপ দেয় এবং একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে ছোট বোনের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঢাকা পোস্টকে বলেন, মাদরাসা থেকে ফেরার পথে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টা আমি শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এএমকে
