পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলার দাশপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বন্দরের নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনা ঘটে। হামলায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শোডাউনে অংশ নেওয়া প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এদিকে ঘটনার পর আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনে একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া ইমরান হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামিদের একজন।
তবে এ ঘটনায় গ্রেপ্তার ইমরান হোসেন বা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
সোহাইব মাকসুদ নুরনবী/আরএআর
