নীলফামারীর ডোমারে চলন্ত ট্রেন থেকে পড়ে রিফাত ইসলাম (৯) নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তরপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে।
আহত রিফাত ইসলাম সৈয়দপুরের নয়াটোলা এলাকার শামিম হোসেনের ছেলে ও তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদসংলগ্ন উত্তরপাড়া রেললাইনে পৌঁছালে রিফাত চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। সে পড়ে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান৷
এ বিষয়ে ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদুল হক ঢাকাপোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একটি পায়ের হাড় ভেঙে গেছে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঢাকাপোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ছেলেটিকে উদ্ধার করেছে। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শাহজাহান ইসলাম লেলিন/এমএন
