ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে বাংলাদেশে পুশইনের চেষ্টার পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত তিন যুবক ওই স্থান ত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময় তারা ওই স্থান ত্যাগ করেন। তবে তারা এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়ায় ৬ জন এবং ভুন্দুরচর সীমান্তে ৩ জনসহ দুটি সীমান্ত দিয়ে ৯ জনকে বিএসএফ পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তের শূন্যরেখায় কয়েকদিন অবস্থানের পর গয়টাপাড়ার ৬ জন ওই স্থান ত্যাগ করেন। একইভাবে ভুন্দুরচর সীমান্ত এলাকার শূন্যরেখায় ১৭ দিন ধরে অবস্থানের পর গতকাল রাতে তিন যুবক সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত থেকে উধাও হয়ে গেছেন।
ওই সীমান্তের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, বুধবার (১ জুলাই) সকালে ভুন্দুরচর সীমান্তে ৩ জনের খোঁজ নিতে গিয়ে সেখানে তাদেরকে পাইনি। ওই সীমান্ত এলাকা এখন ফাঁকা রয়েছে। বিএসএফরাও সেখানে আর নেই।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ভোর থেকে তাদেরকে আর দেখতে পাচ্ছি না।
মমিনুল ইসলাম/আরকে
