বিজ্ঞাপন

সাবেক যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাবেক যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১ জুলাই) দুপুরে ভুক্তভোগী উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী শাহজাহান কবিরাজ চরবংশী গ্রামে এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজ বলেন, তার ৫৮ শতাংশ জমি বিক্রি করেছেন। এখন জাকির, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছেন। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করেন। চাঁদা না পেলে তারা মালিকদেরকে জমি দখলে নিতে দেন না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করেন। 

অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন তারাও জমি কিনেছেন। এ নিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাব? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল, কিন্তু হয়নি।

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, জাকির একটি মামলা করেছেন শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমি সংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোনো অভিযোগ দেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহজাহানের অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী। 

হাসান মাহমুদ শাকিল/এসএইচএ

বিজ্ঞাপন