বিজ্ঞাপন

মমেক হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, নারীর মৃত্যু

মমেক হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চমক ফুল (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো। তবে রোগী বাড়লেও এখনো ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া চমক ফুল জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গাজিরপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৭ জুন তাকে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ জুন আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

বুধবার (১ জুলাই) সকাল ৭টা পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গত মঙ্গলবার সকাল ৭টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত নতুন করে ৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে রোগীদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ১১ জন শিশু।

মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে ২২ জন, ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চে ১১ জন, এপ্রিলে ৯ জন, মে মাসে ২০ জন এবং জুনে ৫৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে একজন এবং জুন মাসে চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক নারী আইসিইউতে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ৫ জনের মৃত্যু হলো। আপাতত রোগীদের মেডিসিনের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা আরও বেড়ে গেলে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হবে।

সাখাওয়াত সুমন/আরএআর

বিজ্ঞাপন