বিজ্ঞাপন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মসজিদের খতিবের

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মসজিদের খতিবের

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে হাফেজ ও মুফতি মাকসুদুল আলম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি মাকসুদুল আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বৃষ্টিপাতের পর বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা মডেল মসজিদে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় মুফতি মাকসুদুল আলম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচএ