ভোলার চরফ্যাশন উপজেলায় পরীক্ষায় অংশগ্রহণ করতে মাদরাসায় যাওয়ার পথে ডিজেল ইঞ্জিনচালিত নছিমনের চাপায় লিয়া বেগম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার পর বিচারের দাবিতে লাশ কাঁধে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান টু শশীভূষণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন বলেন জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে লিয়া পরীক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে জলিল মাঝি নামক এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় লিয়া। জনরোষ থেকে বাঁচতে তাৎক্ষণিক নছিমনটি ফেলে পালিয়ে যান চালক।
লিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় সহপাঠীরা লিয়ার মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টা বিক্ষোভ মিছিল করেন, এতে বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গেছে ,পরিস্থিতি এখন শান্ত আছে। নছিমনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
মো.খাইরুল ইসলাম/এনটি
