নীলফামারীর ডিমলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব ইসলাম (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব উপজেলার তিতপাড়া এলাকার আজিজুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি ঢাকার সাভারের একটি কলেজে বাংলা বিভাগে অধ্যয়নরত।
পারিবারিক সূত্রে জানা যায়, আজকে দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যান সাকিব ও তার চাচা। এ সময়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার পানিতে পড়ে গিয়ে সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
