বিজ্ঞাপন

নৌকায় রং করার কাজ করছিলেন, বজ্রপাতে প্রাণ গেল ২ দিনমজুরের

নৌকায় রং করার কাজ করছিলেন, বজ্রপাতে প্রাণ গেল ২ দিনমজুরের

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রং করার কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বিকেলে তারা একসঙ্গে একটি নৌকায় রং  (আলকাতরা) করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা খবর পেয়ে দুইজনের মরদেহ বাড়ি নিয়ে যান। এদিকে তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আরিফুল ইসলাম/এসএইচএ