বিজ্ঞাপন

বগুড়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান (১৭) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শেরপুর ধুনট আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে ধাক্কা খায়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শরিফ মিয়া বলেন, পিকআপটি ইন্ডিকেটর দিয়ে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। তবে মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ এবং পিকআপটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আব্দুল মোমিন/এসএইচএ