বিজ্ঞাপন

লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

মাগুরার শালিখায় বসতঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল পাটোয়ারী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের উজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল পাটোয়ারী ওই এলাকার মৃত সাত্তার পাটোয়ারীর ছেলে।

পরিবার সূত্রে যায়, বাবুল পাটোয়ারী ছোটবেলা থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিনি স্বাভাবিকভাবে পারিবারিক কাজকর্ম করে আসছিলেন। বুধবার বিকেলে তার বসতঘরের বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে কাউকে কিছু না জানিয়ে নিজেই তা মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাছিন জামান/এএমকে