ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাকি আক্তার (২৮) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাকি আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর শামসুল হুদার মেয়ে। তিনি নাসিরনগর উপজেলার গুনিয়াউক ১০ শয্যার হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায়। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে ৮-৯ বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন লাকি আক্তার। বিকেল সাড়ে ৪টার দিকে বাসার পাখার লোহার হুকের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নোমান মিয়া বলেন, একজন নার্স আত্মহত্যা করেছেন। তবে তিনি কেন এমন করলেন, তা এখনো জানা যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হবে।
মো. জুয়েল রহমান/এএমকে
