ভোলার লালমোহন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফেরার পথে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. নয়ন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পৌরসভা ৫নং ওয়ার্ডের শনিরবোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন একই পৌরসভার ৯নং ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে।
আহতরা হলেন—পৌরসভার বাসিন্দা মো.আলী জিন্নাহর ছেলে আরমান (১৭) এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ (১৮)। তারা সহপাঠী।
লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে নিহতের মরদেহ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত দুজনকে বরিশালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।
খাইরুল ইসলাম/আরকে
