বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষা

প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক, এক বছরের সাজা

প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক, এক বছরের সাজা

রংপুরের পীরগঞ্জে অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা (প্রক্সি) দিতে এসে শুভ ইসলাম রিয়ন (২৬) নামের এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে রিয়নের পরিচয় যাচাই করা হয়। এসময় তিনি পৌরসভার প্রজাপাড়া এলাকার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। পরে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিত বিষয়টি অবগত করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র যাচাই করার পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে ইউএনও মাহমুদুল হাসান বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি কেন্দ্রে রংপুর বিভাগের আট জেলার ৭৩৩টি কলেজের ১ লাখ ১৪ হাজার ৭৩৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে রংপুরের আট উপজেলায় ৪১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ২৪ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী।

এছাড়াও জেলার ৮ উপজেলায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১০টি কেন্দ্রে আলিম পরীক্ষায় ২ হাজার ১৫২ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি/বিএম/এইচএসসি-ভোকেশনাল) পরীক্ষায় ১৬টি কেন্দ্রে ৫ হাজার ২৪৮ জন পরীক্ষা দিচ্ছে।

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ