পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের রাধানগরের ডিগ্রিবটতলা এলাকার ছাত্রীনিবাসের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম রাজমনি ইসলাম। তিনি পাবিপ্রবির ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের ছাত্রী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি শহরের ডিগ্রিবটতলা এলাকার বাদশা ছাত্রীনিবাসে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীনিবাসের পাশের একটি ভবনে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা ছাত্রীনিবাসের মালিককে অবহিত করলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত রাজমনির এক সহপাঠী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুলিশ কক্ষের দরজা খুলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. হাবিবুল্লাহ বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ ইতিহাস বিভাগের শিক্ষকরা থানায় যাই। মরদেহ মর্গে আছে পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরএআর
