খুলনায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত হাসান রূপসার জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চার-পাঁচ দিন আগে হাসান বিহারির বাড়িতে ভ্যানযোগে কয়েকজন মেহমান আসে। ভ্যানচালকসহ মেহমানরা বাড়ির ভেতরে থাকার কিছুক্ষণ পর ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজনের হিসেবে হাসান একই এলাকার রাশেদ শেখ বিহারী নামে একজনের নাম প্রকাশ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান চৌরাস্তার মোড়ে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত যখন অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় পাঠালে পথে তার মৃত্যু হয়।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ছাড়া মামলা দায়েরের জন্য নিহত হাসানের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ মিলন/এএমকে
