বিজ্ঞাপন

বরিশালে আ. লীগ কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

বরিশালে আ. লীগ কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

বরিশালের মুলাদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার প্রত্যন্তঅঞ্চল নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি রাসেদুল ইসলাম সেতু ভুঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোক পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা হ্যান্ডকাপসহ সেতু ভুঁইয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপটিও তাদের কাছে থেকে যায়।

স্থানীয় সূত্র জানায়, হ্যান্ডকাপটি ফেরত পেতে পুলিশ রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা চালায়। পরে সমঝোতার ভিত্তিতে পুলিশের দেওয়া চাবি ব্যবহার করে হ্যান্ডকাপ খুলে গভীর রাতে সেটি পুলিশের কাছে ফেরত দেওয়া হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপ ফেরত পেয়েছে।

এএমকে