বিজ্ঞাপন

সোলেমানের উদাহরণ দিয়ে মির্জা ফখরুল

‘শিক্ষিত যুবকরা নিজেরাই কিছু করার চেষ্টা করুন’

‘শিক্ষিত যুবকরা নিজেরাই কিছু করার চেষ্টা করুন’

সোলেমান আলীর উদ্ভাবিত প্রযুক্তির উদাহরণ টেনে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষিত যুবকরা নিজেরাই কিছু করার চেষ্টা করুন। সোলেমান আলী একজন সাধারণ সাইকেল মেকানিক হয়েও এই এলাকার মানুষকে তার প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছেন। এই কাজকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে তাকে আরও বেশি সহযোগিতা করা হবে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজার চুনিহাড়ী পশ্চিম পাড়ায় সলেমান আলী উদ্ভাবিত সলেমান সোলারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নিজের চেষ্টায় সোলেমান ভাই এক অভূতপূর্ব আবিষ্কার করেছেন। যে আবিষ্কার তিনি নিজের চেষ্টায় নিজের প্রযুক্তি দিয়ে আজকে কৃষিতে, কৃষকের মুরগির খামার, বাসা-বাড়িতে সরবাহ করে সাহায্য করতে পারছেন। আগে আমার জানা ছিল না। কিছু আগে তিনি ঢাকায় গিয়েছিলেন সেখানে আমি এসব জানতে পারি।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে সলেমান আলী একজন সাইকেল মেকার ছিলেন। তার বাবাও একই কাজ করতেন। ওই সাইকেলের মেকানিকের কাজ করতে করতেই তিনি প্রযুক্তিটি উদ্ভাবন করেন। তিনি ভাবেন এই সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অনেকটা সাশ্রয়ী হবে। তিনি বর্তমানে ২৮টি সোলার পাম্প চালান এবং ৩০০ একর জমিতে সেচ দেন। এখানকার পুরো এলাকার চাহিদা সোলার প্যানেল দিয়ে মিটিয়ে আসছেন। আমরা যারা সরকারে আছি, চেষ্টা করবো তার এই প্রযুক্তি ছড়িয়ে দিতে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ ধরনের ব্যক্তি, যারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে, কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, তিনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায়, নিজের উন্নতি করছেন এবং দেশের উন্নতি করা যায় সেই চেষ্টা করেছেন। এজন্য আমি শিক্ষিত যুবকদের বারবার বলি, নিজেরাই কিছু করার চেষ্টা করুন। সোলেমান আলী একজন সাধারণ সাইকেল মেকানিক হয়েও এই এলাকার মানুষকে তার প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছেন। এই কাজকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে তাকে আরও বেশি সহযোগিতা করা হবে।

অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকার একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্ববাসন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রেদওয়ান মিলন/এসএইচএ