বিজ্ঞাপন

পৌরসভার ময়লাবাহী ট্রাকে পিষ্ট হয়ে মডেল মসজিদের খাদেম নিহত

পৌরসভার ময়লাবাহী ট্রাকে পিষ্ট হয়ে মডেল মসজিদের খাদেম নিহত

গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ (২৭) নামে মডেল মসজিদের এক খাদেম নিহত হয়েছেন। তিনি জুমার দিনে নামাজের আগে দায়িত্ব পালনের জন্য মোটেসাইকেল চালিয়ে মসজিদে যাচ্ছিলেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ শহরের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা মডেল মসজিদের খাদেম ছিলেন ও শহরের একটি ওষুধের দোকানেও চাকরি করতেন।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে নারায়ণপুর মডেল মসজিদ কর্মস্থলে যাচ্ছিলেন খাদেম মাসুদ। এ সময় তিনি শহরের পশ্চিম পাড়ায় একটি লিংক রোড থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে উঠতেই ওই রোড দিয়ে চলা পৌরসভার ময়লাবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায়  মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, লিংক রোড থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে ওঠার সময় ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হয় খাদেমের। মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মাসুম বিল্লাহ/আরএআর