বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। যা পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা-বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে। যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। আশা করি রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। এতে বাংলাদেশের মানুষের সংসার পরিচালনায় স্বস্তি এনে দেবে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, এই তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস যাতে নিশ্চিত করতে পারি সেটা নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি। বিএনপি জনগণের সরকার। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজওয়ান বাপ্পী/আরএআর
