সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার দুদিনের মধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির পদে পরিবর্তন আনা হয়েছে। নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে উপজেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমানকে নতুন উপজেলা আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এ ছাড়াও জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাইসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে নায়েবে আমির আজিজুর রহমানকে উপজেলা আমিরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর আগে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে দেওয়ার অভিযোগে মাওলানা তাজুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এডিপির আওতায় এক শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া সাইকেল তিনি গ্রহণ করে পরিবারের এক সদস্যকে দেন। পরে সমালোচনার মুখে সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয় এবং তা অন্য এক উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।
সম্রাট হোসেন/আরএআর
