বিজ্ঞাপন

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

বগুড়ার সারিয়াকান্দিতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় লিটন সাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদার (৬৪) এবং একই গ্রামের দুদু প্রামানিকের ছেলে খাজা প্রামানিকের (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন।

শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন।

আহতরা হলেন মাঝবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন সাকিদার (৪০), মুহিদুল ইসলাম সাকিদারের ছেলে রিপন আহমেদ (৩২), মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামানিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামাণিকের ছেলে মুন প্রামাণিক (২৮)।

সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত লিটন সাকিদার, রিপন আহমেদ ও মুহিদুল ইসলাম সাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লিটন সাকিদারকে আইসিইউতে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্য আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে। শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল মোমিন/এএমকে