বিজ্ঞাপন

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর সংঘর্ষে গুলিতে এক যুবকের নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  সজীব মাতুব্বরকে (২৮) প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এ মামলা দায়েরের এক দিন পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ও সদস্যসচিব শাহরিয়ার শিথিলের যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে ‘ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তিকরণ প্রসঙ্গে’ শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনিবার্য কারণবশত ৩ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হলো।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জেরে ভাঙ্গা পৌরসভার  হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লাবাসীর সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার (২ জুলাই) সুমন শেখের বাবা মিলন শেখ বাদী হয়ে ছেলেকে হত্যার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এক নম্বর আসামি করা হয় ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পূর্ব হাসামদিয়া মহল্লার বাসিন্দা সজীব মাতুব্বরকে। 

এ ঘটনায় ভাঙ্গা থানার পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা এখনও পলাতক রয়েছেন।

এদিকে গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে নিহত সুমনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও কবর জিয়ারত করতে যান ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

সেখানে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মামলা তার নিজস্ব গতিতে চলবে এবং এই মামলায় কেউ কোনো ইন্টারফেয়ার করবে না। আর এই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আজকেই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা খবর পাবেন যে, আজই তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি এবং এটি আনুষ্ঠানিকভাবে আপনারা জানতে পারবেন।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের এই বক্তব্যের তিন ঘণ্টার মধ্যেই ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির এ ঘোষণা আসে।

হত্যা মামলায় আসামি করা ও কমিটি বিলুপ্তির বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ভাঙ্গা উপজেলা কমিটি বিলুপ্তির ঘোষণা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য চিব শাহরিয়ার শিথিল বলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা সময়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সর্বোপরি এই দলের এক নেতা হত্যা মামলার এক নম্বর আসামি হয়েছেন। এ মামলা যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে এবং মামলায় যাতে কোন রাজনৈতিক হস্তক্ষেপ বিস্তারের সুযোগ না ঘটে এ কারণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সুপারিশে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

জহির হোসেন/আরকে

বিজ্ঞাপন