খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার গভীর রাতে (রাত ১১টা থেকে ১২টার মধ্যে) দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে এসে অকটেন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে তারা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
তিনি আরও জানান, ভিডিওতে শহরের শালবাগান এলাকার বাসিন্দা হাসানুলকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদ শাহজাহান/আরকে
