বিজ্ঞাপন

মাদক কারবারি আত্মীয় হলেও আপোষ নয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মাদক কারবারি আত্মীয় হলেও আপোষ নয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, সমাজে তার জায়গা হবে না। মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোনো সদস্য হয়ে থাকে, তার সাথে কোনো আপোষ করা হবে না।

শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার, চান্দুটিয়া ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতে থাকবে না।

যশোর সদরের এই সংসদ সদস্য বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টের কাজ শুরু হয়েছে। আপনারা (এলাকাবাসী)  ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের (এলাকাবাসী) দেখার বিষয় না। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নিবেন। এ ক্ষেত্রে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।

রেজওয়ান বাপ্পী/‎এসএইচএ