ঝিনাইদহের শৈলকুপায় বৃত্তিপাড়া বাজারে মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুন) সন্ধ্যায় মির্জাপুর-বৃত্তিপাড়া ওমর (রা.) জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস. এম. আকম উদ্দীনের সমর্থকদের সঙ্গে স্থানীয় ইনসান আলীর সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
শনিবার বাদ মাগরিব নতুন কমিটির ঘোষণা দিতে গেলে বৃত্তিপাড়া গ্রামের পদবঞ্চিতরা এর প্রতিবাদ জানান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইনসান আলীর সমর্থকরা মসজিদের ভেতরে ঢুকে কাঁচেরকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে।
এরপর মসজিদের সামনে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস. এম. আকম উদ্দীন বলেন, আজ (শনিবার) মাগরিবের নামাজের পর মসজিদের কমিটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু মাগরিবের নামাজ চলাকালীন আমার সমর্থক যুবদল নেতা আপেল মাহমুদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে যারা এগিয়ে আসেন, তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।
ইনসান আলী বলেন, আমি শুনেছি, মসজিদের সামনে মারামারি হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্রাট হোসেন/এএমকে
