নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে সাবেক ছাত্রদল সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মাশিকুর রহমান লিটন (৪৪) নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাশিকুর রহমান লিটন বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ছোট ভূঁইয়া বাড়ির বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলেসন্তানের জনক। পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বেলাব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে মাশিকুর রহমান লিটনও অংশ নেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে নরসিংদীর বাসায় ফেরার পথে মনোহরদীর নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, লিটন রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয় ছিলেন। মন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি খুবই ভালো মানুষ ছিলেন।
নিহতের খালু বাচ্চু মিয়া বলেন, বেলাবোতে মন্ত্রীর অনুষ্ঠানে যাবে বলে বাসা থেকে বের হয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেল। তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এখন পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
আমিনুর রহমান সাদী/এএমকে
