বিজ্ঞাপন

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরের ৩৬ বাড়ি কলোনি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. রনি ও স্বজল নামে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত রাজিব আহম্মেদ রুবেল নগরের আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তার মায়ের নাম মৃত খাদিজা বেগম।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহম্মেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় প্রায় এক মাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। সেখানে তিনি নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়।

এর আগে বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা। কলোনির ভেতরে পারুল আক্তারের পাঁচ রুমের বাসার একটি রুমে ভাড়া থাকতেন রাজিব আহম্মেদ। পুলিশ বিছানায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের মাথার পাশে একটি মদের বোতলও পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার পর রুবেল যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাসার সব ভাড়াটিয়া ও বাসার মালিক পারুল আক্তার পলাতক রয়েছেন।

নিহতের বোন রুনা আক্তার বলেন, আমার ভাইকে মেরে ফেলছে খবর পেয়ে এখানে এসেছি। এই বাসার লোকজনই আমার ভাইকে মেরেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, আমরা একটি গলাকাটা মরদেহ পেয়েছি। আমরা কিছু তথ্য পেয়েছি, সে অনুযায়ী আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমরা মো. রনি ও স্বজল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এসএইচএ