বিজ্ঞাপন

টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে  টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৪) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৪)। তারা পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বাস করত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে তারা। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীরে চলে যায়। এসময় পানির প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা শিপন নামের অপর এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে। 

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

আশিকুর রহমান/এসএইচএ