ময়মনসিংহের গৌরীপুর, ফুলপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গৌরীপুরে ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছে সহোদর দুই বোন।
গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা গেছে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামে দুই বোন। তারা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে। রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে রিয়ামনি। পরে দুপুর ২টার দিকে ছোট বোন ইলমাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। সেখানে ইলমা কাদায় পড়ে গেলে তাকে পরিষ্কার করতে রিয়ামনি পুকুরের পানিতে নামে। একপর্যায়ে ইলমা পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে বড় বোন রিয়ামনি ঝাঁপ দেয়। কিন্তু দুজনই পানিতে ডুবে যায়।
ঘটনাটি আট বছর বয়সী আরেক শিশু সুমাইয়া দেখে পরিবারের সদস্যদের জানায়। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিয়ামনিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিখোঁজ ইলমাকে স্থানীয়রা দুই দফা খোঁজাখুঁজি করেও না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
একই দিন বেলা আনুমানিক ৩টার দিকে ফুলপুর উপজেলার বেলটিয়া গ্রামে পানিতে ডুবে মারা যায় লামিয়া আক্তার (৪)। সে ওই গ্রামের মো. সায়েদুল ইসলাম ও মোছা. খালেদা আক্তারের মেয়ে।
পরিবারের অভিযোগ ও সুরতহাল সূত্রে জানা যায়, সাঁতার না জানার কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে নিহত শিশুর বাবা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেন।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, শিশুর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে গফরগাঁও উপজেলার বাগুয়া গ্রামে পানিতে ডুবে মারা গেছে দেড় বছর বয়সী মুনতাহা। সে ওই গ্রামের শামছুল আলমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লাবিবা। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সাখাওয়াত সুমন/এসএইচএ
