বিজ্ঞাপন

পাবনায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।

রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের হেফাজতে ছিল। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএইচএ