ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হাদিসের মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে গুদামের মালামাল ও দুটি মেশিন পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে হালুয়াঘাট-ধোবাউড়া সড়কের হাদিসের মোড় এলাকায় অবস্থিত হাসান কটন রিফাইনিং মিলসসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হঠাৎ গুদাম থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো টিনশেড গুদামজুড়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই টিনশেড গুদামঘর, ভেতরে থাকা সব তুলা এবং দুটি মেশিন পুড়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘরের মালিক রাসেল বলেন, আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিই। চোখের সামনেই অনেক বড় ক্ষতি হয়ে গেল।
ক্ষতিগ্রস্ত হাসান কটন রিফাইনিং মিলসের মালিক মাহমুদুল হাসান বলেন, গতকাল বিকেল থেকেই আমার গোডাউন বন্ধ ছিল। আমি বাসায় ঘুমাচ্ছিলাম। বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই গোডাউনে আগুন লেগেছে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, কারণ গোডাউন বন্ধ ছিল। পরে এসে দেখি সব শেষ। গুদামে থাকা দুটি মেশিনসহ পুরো মালামাল পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
সাখাওয়াত সুমন/এসএইচএ
