ভোলার মনপুরা উপজেলা থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, সার ও ফিশিং বোটসহ জুয়েল (২২) নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটককৃত জুয়েল মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা গ্রামের বাসিন্দা মো. জহিরের ছেলে জানা গেছে।
এর আগে শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলাটির উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ওই এলাকায় কোস্ট গার্ডের মনপুরা আউটপোস্ট ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট,৪বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দসহ পাচারকারী মো.জুয়েলকে আটক করা হয়েছে।
জব্দকৃত মালামাল,পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।
খাইরুল ইসলাম/আরএআর
