রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে রাঙামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে বৃষকেতু চাকমাকে আদালতে হাজির করা হয়। এর আগে তাকে প্রায় এক ঘণ্টা রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এর কক্ষে একাকী বসিয়ে রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ রাঙামাটির বাঘাইছড়ি থানায় পৌরসভাধীন ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমান (৩১) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বৃষকেতু চাকমাসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।
ওই মামলায় হাজিরা দিতে রোববার রাঙামাটি আদালতে উপস্থিত হন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন।
পরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত থেকে বের হয়ে তারা কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আটক করে।
রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, রোববার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিকেল ৪টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোস্তফা কামাল রাজু/এসএইচএ
