বিজ্ঞাপন

খুলনায় বাস কাউন্টার থেকে টিকিট বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় বাস কাউন্টার থেকে টিকিট বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ের এনা পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতা ইমন মালকে (২১) গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) রাতে তাকে ওই কাউন্টারের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ব্লেড উদ্ধার করে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা। তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সাজু মালের ছেলে এবং সরকারি বিএল কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাগরিবের নামাজের পর পর এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে ইমনকে গলাকাটা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ইমন মালের বাবা সাজু মাল বলেন, পড়াশুনার পাশাপাশি ইমন একটি কাজ খুঁজছিল। শনিবার সে নতুন রাস্তা মোড়ের এনা পরিবহনের টিকিট বিক্রেতা হিসেবে যোগদান করে। রাতে ঢাকা থেকে ফোন দিয়ে আমাকে জানানো হয় তার ছেলে অসুস্থ। সেখানে গিয়ে জানতে পারলাম তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে এসে দেখি তার অবস্থা গুরুতর।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরাদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্লেডে রক্ত মাখা ছিল এবং ব্লেডটি নতুন ছিল। এছাড়া ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে কেউ যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজেই নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছিল ইমন মাল। তবে কী কারণে সে এটা করেছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

মোহাম্মদ মিলন/এমটিআই

বিজ্ঞাপন