বিজ্ঞাপন

দুর্বৃত্তের কোপে রক্তাক্ত হয়ে ১২ ঘণ্টা দোকানে পড়ে ছিলেন ব্যবসায়ী

দুর্বৃত্তের কোপে রক্তাক্ত হয়ে ১২ ঘণ্টা দোকানে পড়ে ছিলেন ব্যবসায়ী

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মো. হারুন নামে এক ব্যবসায়ী দোকানের মেঝেতে প্রায় ১২ ঘন্টা অচেতন হয়ে পড়েছিলেন। এ ঘটনায় রোববার (৫ জুলাই) রাতে হারুনের ছোট ভাই নাজিম উদ্দিন সুজন সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

হারুন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার মোবাইল সার্ভিসিং দোকানের ব্যবসায়ী ও কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার আবুল বাশারের ছেলে।

অভিযোগ সূত্র জানায়, হারুন শনিবার (৪ জুলাই) রাতে বাজারে ফুটবল খেলা দেখেন। খেলে দেখা শেষে রাত ১ টার দিকে তিনি দোকানে যান। দোকানের ঢুকলে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে দোকানের মেঝেতে পড়ে যায়। সারারাত শেষে সকাল গড়িয়ে দুপুর হলেও জ্ঞান ফেরেনি হারুনের। দুপুর সাড়ে ১২ টার দিকে বাজারের লোকজন ওই দোকানে ঢুকে দেখে হারুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মো. হারুন জানান, পেছন থেকে তাকে আঘাত করা হয়েছে। তিনি কাউকে চিনতে পারেননি। এরপর কতক্ষণ অচেতন অবস্থায় পড়ে ছিলেন তা জানেন না তিনি।

হারুনের ভাই নাজিম উদ্দিন সুজন বলেন, আমার ভাইয়ের মাথায় দুটি স্থানে কাটা চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযোগটি তদন্তে উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

হাসান মাহমুদ শাকিল/এমটিআই

বিজ্ঞাপন