বিজ্ঞাপন

টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে আরিয়ান আহমেদ রাফসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম ও আয়েশা আক্তার দম্পতির একমাত্র সন্তান আরিয়ান আহমেদ রাফসান সকালে মায়ের সঙ্গে শিবনগর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে সে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে টিউবওয়েলের পাশে জমে থাকা প্রায় তিন ফুট গভীর পানির গর্তে পড়ে যায়।

পরে শিশুটির মামি লিপি খাতুন টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে গর্তে রাফসানকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার ডাক শুনে মামা মনোয়ার হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিউবওয়েলের পানি নিষ্কাশনের জন্য তৈরি ছোট ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আশিকুর রহমান/এমটিআই

বিজ্ঞাপন