বিজ্ঞাপন

বোরকা ব্যবসায়ী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বোরকা ব্যবসায়ী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর থেকে প্রাইভেটকারে করে যশোরে আসার পথে এক বোরকা ব্যবসায়ী নারী (২৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিচিত এক ব্যক্তিসহ তিনজনের সাথে গত শনিবার (৪ জুলাই) রাতে তিনি প্রাইভেটকারে করে আসছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ওই নারীর ভাষ্য, তার বাড়ি নারায়ণগঞ্জে। গাজীপুরের নানা পরিচয়ের এক ব্যক্তির সাথে তিনি বোরকার ব্যবসা করেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি পরিচিত ওই ব্যক্তিসহ অজ্ঞাত পরিচয় আরও দুই ব্যক্তির সাথে যশোরে বেড়ানোর উদ্দেশে গাজীপুর থেকে প্রাইভেটকারে করে রওনা হন। পথে একটি অজ্ঞাত একটি স্থানে নিয়ে তারা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এরপর ভোর ৫টার দিকে তারা তাকে যশোরে এনে রেখে চলে যান।

কাজী বাবুল হোসেন আরও জানান, রোববার  বিকেলে কোতোয়ালি থানায় এসে ওই নারী এ বিষয়ে অভিযোগ করেন। অসুস্থ থাকায় পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসান কবির বাপ্পি বলেন, পুলিশ এক নারীকে হাসপাতালে ভর্তি করেছে। বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে ভর্তি করা হয়। তার শারীরিক আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

রেজওয়ান বাপ্পী/এমটিআই

বিজ্ঞাপন