বিজ্ঞাপন

রামগড়ে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রামগড়ে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের টিআর (চাল) কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রোববার (৫ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তদন্ত কমিটির আহ্বায়ক হাসান মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দুর্জয় গোস্বামী এবং সহকারী কমিশনার শরিফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগ তদন্তে সোমবার সকাল ১১টায় রামগড় পৌরসভা কার্যালয়ে তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এর আগে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া মোট ২৭ মেট্রিক টন সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম এ করিম।

অভিযোগে বলা হয়, বরাদ্দপ্রাপ্ত একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান চাল না পেয়ে নগদ ৭ হাজার, ৯ হাজার বা ২০ হাজার টাকা পেয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের নামে চাল উত্তোলন দেখানো হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন। কোথাও প্রতিষ্ঠানের সভাপতির পরিবর্তে অন্য ব্যক্তিকে প্রকল্প চেয়ারম্যান দেখিয়ে চাল উত্তোলনের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধান করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম এ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে তদন্ত কমিটি গঠনের খবরে স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ শাহজাহান/এমটিআই

বিজ্ঞাপন