বিজ্ঞাপন

ইটনায় মাদকসংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা, অভিযুক্ত শ্যামল গ্রেপ্তার

ইটনায় মাদকসংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা, অভিযুক্ত শ্যামল গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধের জেরে রুপ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রুপ মিয়া উপজেলার এলংজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে নূরপুর গ্রামের শ্যামল মিয়ার বাড়ির সামনে একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে রুপ মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত রুপ মিয়াকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নূরপুর গ্রামের চন্নু মিয়ার ছেলে শ্যামল মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, শ্যামল মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি।

ঘটনার খবর পেয়ে ইটনা থানা পুলিশের একটি দল দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাখাওয়াত হোসেন হৃদয়/এমটিআই

বিজ্ঞাপন