বিজ্ঞাপন

আট কেজির কালো পোয়া বিক্রি হলো ৫০ হাজারে

আট কেজির কালো পোয়া বিক্রি হলো ৫০ হাজারে

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি বিরল কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে লম্বু পোয়া বা কালো পোয়া নামে পরিচিত মাছটি।

এরপর রোববার (৫ জুলাই) সকালে আলীপুর মৎস্য বন্দরে নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে মাছটি।

জানা গেছে, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গত শনিবার রাতে কুয়াকাটা উপকূলের বঙ্গোপসাগরে মাছ ধরতে যান রহিম মাঝি। মাছ ধরার একপর্যায়ে অন্যান্য মাছের সঙ্গে তার জালে ধরা পড়ে মূল্যবান কালো পোয়া মাছটি।

রোববার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরে তোলা হলে নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মন ২ লাখ ৫০ হাজার টাকা হিসেবে কেজি প্রতি ৬ হাজার ২৫০ টাকা দরে মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে রহিম মাঝি বলেন, সরকারি ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে অনেক আশা নিয়ে সাগরে মাছ ধরতে নেমেছিলাম। শুরুতে তেমন ভালো মাছ পাইনি। পরে জাল টেনে তোলার সময় দেখি একটি বড় কালো পোয়া মাছ ধরা পড়েছে। এত দামী মাছ আগে কখনো পাইনি। নিলামে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে শুনে খুবই আনন্দিত হয়েছি। এই টাকায় পরিবারের খরচ মেটানোর পাশাপাশি মাছ ধরার সময় নেওয়া কিছু ঋণও পরিশোধ করতে পারব। ভবিষ্যতেও এমন ভালো মাছ পাওয়ার আশা করছি।

ক্রেতা পিএম মূসা জানান, কালো পোয়া মাছের সুইম ব্লাডার (মাছের বালিশ) আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। এ কারণে মাছটির চাহিদা ও দাম দুটোই অনেক বেশি। তিনি মাছটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে রপ্তানির জন্য সংগ্রহ করেছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত এ মাছের ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হয়ে থাকে। উচ্চমূল্যের কারণে অনেকেই মাছটিকে ‘সাগরের কালো সোনা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া উপকূলের মৎস্যজীবীদের জন্য ইতিবাচক বার্তা।

এসএম আলমাস/এমটিআই

বিজ্ঞাপন