বিজ্ঞাপন

মালিককে হাত-পা বেঁধে হত্যা, রাইসমিল থেকে ৩ ট্রান্সফর্মার চুরি

মালিককে হাত-পা বেঁধে হত্যা, রাইসমিল থেকে ৩ ট্রান্সফর্মার চুরি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইসমিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা রাইসমিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে।

রোববার (৫ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী রাতে নিজের রাইসমিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিলে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর দুর্বৃত্তরা মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা প্রথমে হাত-পা বেঁধে আঘাত করে। এরপর দুর্বৃত্তরা রাইসমিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

আব্দুল মোমিন বগুড়া/এসএইচএ